জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী এই বৃত্তি পাবে। শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির আলাদা কোটা। বৃত্তি বোর্ডভিত্তিকভাবে বণ্টন করা হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। মাউশির পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের সহকারী পরিচালক কামরুন নাহার জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফল হস্তান্তর করার পর শিক্ষার্থী ও অভিভাবকরা অনলাইনে বা এসএমএসের মাধ্যমে ফল দেখতে পারবেন।
বৃত্তি সুবিধা সম্পর্কিত তথ্য অনুযায়ী, মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা বছরে এককালীন ৫৬০ টাকা এবং মাসে ৪৫০ টাকা পাবেন। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা বছরে ৩৫০ টাকা এবং মাসে ৩০০ টাকা পাবেন। এই সুবিধা আগামী দুই বছর প্রদান করা হবে।
এর আগে, ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৫ সালে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ফল প্রক্রিয়া বর্তমানে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড করছে।
সিএ/এসএ


