যশোরের চৌগাছায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত পৌরসভার সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাত আটটার দিকে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান।
হামলা হয়েছিল ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা উপজেলা শহরের কুঠিপাড়া মোড়ে। হামলার শিকার শাহিনুর রহমান কুঠিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে এবং দুই সন্তানের বাবা। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, হামলার দিন শাহিনুর রহমান স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন। তখন পেছন থেকে সন্ত্রাসীরা এসএস পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে। গুরুতর আহত শাহিনুরকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি হলে সেই রাতেই তাকে ঢাকায় নেওয়া হয়।
ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ১৭ ফেব্রুয়ারি ভোরে শাহিনুরের মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা তখন জানিয়েছিলেন, ৭২ ঘণ্টা পার হলে অবস্থার বিষয়ে স্পষ্ট কিছু বলা যাবে। তবে ৭২ ঘণ্টা পার হলেও তার জ্ঞান ফেরেনি। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় সাবেক কাউন্সিলর শাহিনুর মারা গেছেন। তবে এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ বা কাগজপত্র তাদের কাছে নেই।
সিএ/এমই


