নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। সোমবার ভোর রাতে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বড়কুলা গ্রামের খলিল শেখ (৬৫), তাঁর ছেলে তাহাজ্জুদ শেখ (৪০), একই এলাকার ফেরদৌস শেখ (৩৩) ও ওসিকুর ফকির। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিঙ্গাশোলপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষ সক্রিয় রয়েছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্যা এবং অপর পক্ষের নেতৃত্বে আছেন আরেক সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ। এই দ্বন্দ্ব থেকেই সংঘর্ষের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
চারজন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
সিএ/এমআর


