জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার দাবিতেই জুলাই গণ–অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। তিনি ভিন্নমতকে দমন না করে তা স্বাগত জানিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সেখানে দেশের রাজনৈতিক পরিবেশ, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
পোস্টে শফিকুর রহমান লেখেন, ‘ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল ও আমরা—উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।’
তিনি আরও উল্লেখ করেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত।’ একই পোস্টে তিনি বলেন, ‘ভিন্নমত দমন নয়—স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধীদলীয় নেতার এ বক্তব্য ভবিষ্যৎ রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক সহাবস্থানের প্রশ্নে নতুন আলোচনার জন্ম দিতে পারে। বিশেষ করে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের বিষয়টি সামনে এনে তিনি একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতির ওপর গুরুত্ব দিয়েছেন।
সিএ/এমই


