অধিকৃত পূর্ব জেরুজালেম এলাকায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে ইসরাইলি পুলিশ গ্রেফতার করেছে মসজিদের ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসিকে।
ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের বর্ণনা অনুযায়ী, মসজিদ কমপ্লেক্সের ভেতর থেকেই তাকে আটক করা হয়। তবে ঠিক কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে বা তার বিরুদ্ধে কী ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে—তা স্পষ্ট করেনি ইসরাইলি পুলিশ।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর তাদের প্রতিবেদনে জানায়, প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন যে কোনো পূর্বঘোষণা ছাড়াই ইসরাইলি বাহিনী ইমামকে আটক করে নিয়ে যায়। ঘটনার পর থেকেই এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে আল-আকসা মসজিদ এলাকায় ইসরাইলি তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে রয়েছে ইমাম ও খতিবদের ওপর বিধিনিষেধ আরোপ, মুসল্লিদের প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ এবং পুলিশের সুরক্ষায় ইহুদি বসতি স্থাপনকারীদের পরিদর্শন বৃদ্ধি। এ অবস্থাকে মুসল্লিদের ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।
প্রতিবেদন আরও জানিয়েছে, জেরুজালেমের পুরাতন শহর এবং আল-আকসা প্রাঙ্গণসংলগ্ন এলাকায় উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ধর্মীয় ব্যক্তিত্ব, স্থানীয় কর্মী এবং মুসল্লিদের লক্ষ্য করে গ্রেফতার ও নির্বাসনের ঘটনাও বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবুও শেখ আল-আব্বাসির গ্রেফতার সম্পর্কে ইসরাইলি কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
সিএ/এসএ


