জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ পরমাণু আলোচনা শুরুর ঠিক আগমুহূর্তে পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে ইরান। সোমবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই নৌমহড়া শুরু করে।
দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ জানিয়েছে, সোমবার থেকে পারস্য উপসাগরে ‘স্মার্ট কন্ট্রোল অব দ্য স্ট্রেইট অব হরমুজ’ নামে এই মহড়া শুরু হয়েছে। আইআরজিসির কমান্ডার ইন চিফ মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরের সরাসরি তত্ত্বাবধানে নৌবাহিনী এই নিবিড় মহড়া পরিচালনা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বড় পরিসরে নৌবাহিনী মোতায়েন করার প্রেক্ষাপটে তেহরান এই মহড়ার আয়োজন করল।
অন্যদিকে পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকে যোগ দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইতিমধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। মঙ্গলবার দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এই উচ্চপর্যায়ের বৈঠকে পরোক্ষভাবে যুক্ত থাকার কথা জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জেনেভায় অনুষ্ঠিতব্য আলোচনায় তিনি পরোক্ষভাবে যুক্ত থাকবেন। আলোচনাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিহিত করে তিনি জানান, তার বিশ্বাস ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের পক্ষে এই আলোচনায় বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
তবে আলোচনার আগেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা না হলে কোনো সমঝোতা হবে না। তাদের দাবি, যেকোনো সমঝোতা হতে হবে দেওয়া-নেওয়ার ভিত্তিতে এবং তারা শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি কোনোভাবেই মেনে নেবে না।
সূত্র: মেহের নিউজ, আন্তর্জাতিক সংবাদমাধ্যম
সিএ/এসএ


