বাথরুমে মশা জাতীয় পোকা বসলে শরীর বা পোশাক নাপাক হবে কি না—এ নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা কাজ করে। বিশেষ করে মাদরাসা বা গণবাথরুমে এ ধরনের পোকা বেশি দেখা যায়। নামাজের শুদ্ধতা নিয়ে সংশয় তৈরি হওয়ায় বিষয়টি ধর্মীয়ভাবে জানা জরুরি।
ইসলামি ফিকহ অনুযায়ী, এ ধরনের পোকা শরীর বা কাপড়ে বসার কারণে নাপাক হয়ে যায় না। কারণ পোকাগুলোর মাধ্যমে যদি কোনো নাপাক বস্তু লেগেও থাকে, তা এত সামান্য যে সাধারণত এর কোনো চিহ্ন দেখা যায় না। তাছাড়া এ ধরনের বিষয় থেকে সম্পূর্ণভাবে বেঁচে থাকাও অত্যন্ত কষ্টসাধ্য।
ইসলামি গ্রন্থে উল্লেখ রয়েছে, সামান্য নাপাক যা থেকে বাঁচা কঠিন—তা ক্ষমাযোগ্য হিসেবে বিবেচিত। তাই বাথরুমে মশা বা অনুরূপ পোকা বসার কারণে শরীর বা পোশাক অপবিত্র হয়ে যাবে—এমনটি মনে করার কোনো কারণ নেই।
ইসলামি বিশেষজ্ঞরা জানান, এ বিষয়ে অহেতুক সন্দেহে ভোগার প্রয়োজন নেই। বরং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাভাবিকভাবে ইবাদত পালন করাই যথেষ্ট।
সিএ/এমআর


