ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারের সময় গণমাধ্যমগুলো রাজনৈতিক দলের কভারেজে সমতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ‘মিডিয়া ওয়াচ বাংলাদেশ’। বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।
মিডিয়া ওয়াচ বাংলাদেশ ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারের সংবাদ বিশ্লেষণ করেছে। এতে ৯টি প্রিন্ট, ৫টি অনলাইন ও ৭টি ইলেকট্রনিক গণমাধ্যম অন্তর্ভুক্ত ছিল। সংগঠনের রিসার্চ কো-অর্ডিনেটর প্লাবন তারিক বলেন, “মূলধারার গণমাধ্যমগুলো জামায়াতে ইসলামীর তুলনায় বিএনপির প্রচারণাকে বেশি গুরুত্ব দিয়েছে।”
প্রিন্ট মিডিয়ায় ৯টি পত্রিকায় বিএনপির নির্বাচনী সংবাদ প্রকাশিত হয়েছে ৭৪৭টি, জামায়াতের ৩৬৪টি। ছবির ক্ষেত্রে বিএনপির ৬৬৬টি এবং জামায়াতের ৩৬২টি ছবি প্রকাশ হয়েছে। অনলাইন মিডিয়ায় বিএনপির সংবাদ ১,৪৯৮টি, জামায়াতের ৮২৭টি। ইলেকট্রনিক মিডিয়ায় সন্ধ্যা ও রাতের বুলেটিনে বিএনপির গড় প্রচার ১০৫ মিনিট, জামায়াতের ৫৪ মিনিট।
বিশ্লেষণে অন্তর্ভুক্ত গণমাধ্যমের মধ্যে প্রিন্ট মিডিয়া—প্রথম আলো, দ্য ডেইলি স্টার, কালের কণ্ঠ, আমার দেশ, সমকাল, ইত্তেফাক, যুগান্তর, ইনকিলাব ও নয়াদিগন্ত; ইলেকট্রনিক—যমুনা টিভি, সময় টিভি, বিটিভি, নিউজ ২৪, চ্যানেল ২৪, বাংলা ভিশন, ডিবিসি (আংশিক); অনলাইন—বাসস বাংলা, বিডিনিউজ ২৪, ঢাকা পোস্ট, বাংলা ট্রিবিউন, জাগো নিউজ।
সংবাদ সম্মেলনে প্লাবন তারিক জানান, “আমরা কেবল পরিমাণগত তথ্যের ভিত্তিতে তুলনামূলক বিশ্লেষণ করেছি। কোনো গণমাধ্যমকে দোষারোপ করা হয়নি। নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে গণমাধ্যমের নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ ভূমিকা অপরিহার্য।” তিনি আরও যোগ করেন, “এই বিশ্লেষণ স্পষ্টভাবে দেখায় যে নির্বাচনী প্রচারণা কভারেজে অধিকাংশ গণমাধ্যম সমতা বজায় রাখতে পারেনি এবং বিএনপির প্রচারণাকে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দিয়েছে।”
সিএ/এসএ


