আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের মানুষের মতো শোবিজ অঙ্গনের তারকারাও নতুন সরকার ও নির্বাচনী পরিবেশ নিয়ে ভরসা, প্রত্যাশা ও কিছু উদ্বেগের কথা জানিয়েছেন। সবার সাধারণ চাওয়া—শান্তিপূর্ণ ভোট, নিরাপদ পরিবেশ এবং ভবিষ্যৎ সরকারের কাছে সংস্কৃতি, শিল্প, সুষম উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিতের প্রত্যাশা।
সংস্কৃতিবান্ধব সরকার চাইলেন শহীদুজ্জামান সেলিম
অভিনেতা শহীদুজ্জামান সেলিম বলেন, সংস্কৃতি বাঁচলে দেশ তার ঐতিহ্য ধরে রাখতে পারে। চলচ্চিত্র, টেলিভিশন ও থিয়েটার—সব মাধ্যমের শিল্পীদেরই প্রত্যাশা সংস্কৃতিবান্ধব সরকার। তিনি আরও জানান, ভোট যেন সবাই নির্বিঘ্নে দিতে পারেন এবং সুচিন্তিত রায়ের মাধ্যমে একটি সংস্কৃতিবান্ধব সরকার প্রতিষ্ঠিত হয়।
গান-বাজনায় হয়রানি না হওয়ার আহ্বান রবি চৌধুরীর
সংগীতশিল্পী রবি চৌধুরী প্রত্যাশা করেন, প্রত্যেক নাগরিক নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে তাদের মত প্রকাশ করতে পারবেন। পাশাপাশি তিনি চান, শিল্পীরা যেন গান-বাজনার কাজে কোনো ভোগান্তিতে না পড়েন এবং নতুন সরকার এ বিষয়ে গুরুত্ব দেয়।
নারী নিরাপত্তা ও বিনোদন খাতের প্রসার চান অপু বিশ্বাস
অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, যেই সরকারই আসুক, তারা যেন নারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। তিনি আরও আশা করেন, চলচ্চিত্র শিল্প ও বিনোদন খাতকে বড় পরিসরে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেবে নতুন সরকার।
স্থিতিশীলতা ও গণতান্ত্রিক সরকারের প্রতীক্ষায় আজমেরী হক বাঁধন
অভিনেত্রী আজমেরী হক বাঁধন শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেছেন। তিনি মনে করেন, একটি শক্তিশালী নির্বাচিত সরকারই সঠিকভাবে কাজ করতে পারে। দেশের অস্থিতিশীল পরিস্থিতি থেকে সবাই মুক্ত হবে—এটাই তাঁর আশা।
বৈষম্যহীন নিরাপদ সমাজ চান শবনম বুবলী
অভিনেত্রী শবনম বুবলী বলেন, নারী-পুরুষের মধ্যে বৈষম্যহীন নিরাপদ একটি সমাজই তাঁর প্রত্যাশা। তিনি চান, প্রতিটি নাগরিকের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত হোক এবং নির্বাচন হোক সুষ্ঠু ও শান্তিপূর্ণ।
যোগ্যতার মূল্যায়নের বাংলাদেশ চান তৌসিফ মাহবুব
অভিনেতা তৌসিফ মাহবুবের মতে, দেশের পরিবর্তন অংশগ্রহণের মাধ্যমেই সম্ভব, আর সেটির শুরু ভোট দিয়ে। তিনি এমন একটি বাংলাদেশ চান, যেখানে যোগ্যতা ও মেধার মূল্যায়ন হবে। অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
আক্ষেপহীন নির্বাচনের আশা জামিল হোসেনের
অভিনেতা জামিল হোসেন বলেন, দেশের ইতিহাসে সর্বোত্তম অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া প্রয়োজন। তিনি মনে করেন, দীর্ঘদিন অনেকেই ভোট দিতে পারেননি, বিশেষ করে নতুন ভোটারদের জন্য এই নির্বাচন গুরুত্বপূর্ণ। তিনি আহ্বান জানান—সচেতনভাবে ভোট দিয়ে যেন কেউ আক্ষেপ না রাখেন।
সিএ/এসএ


