ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানিয়েছেন, তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান এবং আবার শিক্ষকতা পেশায় ফিরতে আগ্রহী। আজ মঙ্গলবার বেলা ৩টায় উপাচার্য কার্যালয়ের পাশের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই ইচ্ছার কথা প্রকাশ করেন।
অধ্যাপক নিয়াজ বলেন, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নেননি। তবে রাজনৈতিক দল ক্ষমতায় এলেই তিনি রাষ্ট্রপতির কাছে তাঁর অব্যাহতিপত্র জমা দিতে চান। বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের শূন্যতা তৈরি হলে তা যেন কার্যক্রমে বিঘ্ন না ঘটায়—এই বিবেচনায় তিনি প্রয়োজনে নির্বাচিত সরকারের অনুরোধে আরও কিছুদিন দায়িত্ব পালন করতেও রাজি।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি ‘স্মুথ ট্রানজিশন’ প্রয়োজন। যদি সরকার বা সংশ্লিষ্ট অংশীদার মনে করেন যে তাঁকে আরও কিছু সময় দায়িত্বে থাকা উচিত, তবে তিনি তা বিবেচনা করবেন।
সংবাদ সম্মেলনে অধ্যাপক নিয়াজ তাঁর সময়ে শিক্ষকদের পদোন্নতির প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘদিন বঞ্চনার শিকার হওয়া অনেক শিক্ষককে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পদোন্নতি দেওয়া হয়েছে এবং এতে কোনো ধরনের অনিয়ম হয়নি।
জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
সিএ/এসএ


