ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করেছেন একই আসনের প্রার্থী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আপিল বিভাগের চেম্বার আদালতে রোববার অথবা ভোটের আগে এই আবেদনের শুনানি করার চেষ্টা থাকবে বলে জানিয়েছেন নাহিদের আইনজীবী।
এর আগে, কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে নাহিদের করা রিট ৩ ফেব্রুয়ারি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে ৩ ফেব্রুয়ারি লিভ টু আপিল দায়ের করেন নাহিদ।
নাহিদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা প্রথম আলোকে বলেন, “কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণা ও তাঁকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত স্থগিত করার জন্য লিভ টু আপিল দায়ের করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার আদালতে রোববার শুনানি করার চেষ্টা থাকবে, না হলে ভোটের আগে শুনানির চেষ্টা থাকবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভোটের মাত্র চার দিন বাকি। এর আগে, রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে ৩ জানুয়ারি কাইয়ুমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরপর ২২ জানুয়ারি কাইয়ুমকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
কিন্তু নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, কাইয়ুম ভানুয়াতু নাগরিক, অর্থাৎ দ্বৈত নাগরিক। এবং তিনি এই তথ্য হলফনামায় গোপন করেছেন। তাই তিনি ২ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেছিলেন। শুনানি শেষে ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন। এরপর নাহিদ লিভ টু আপিল করেন।
সিএ/এমই


