ময়মনসিংহে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং বিভাগীয় প্রশাসনের আয়োজনে আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ৯ দিনব্যাপী মেলা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।
বুধবার দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এ তথ্য জানান।
নগরীর টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য মেলায় সরকারি-বেসরকারি মিলিয়ে জাতীয় ও স্থানীয় মোট ৭২টি প্রকাশনা অংশ নেবে। বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সাপ্তাহিক ছুটির দিনে মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।
মেলার প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আয়োজন করা হবে আলোচনা সভা, সেমিনার, উপস্থিত বক্তৃতা, কচিকাঁচার উৎসব, কুইজ, চিত্রাংকন প্রতিযোগিতা, শিশু প্রহর, আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক কার্যক্রম।
বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী বলেন, ‘বইমেলা জ্ঞান ও সংস্কৃতিচর্চার এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এটি পাঠকের সঙ্গে নতুন বইয়ের পরিচয় করায় এবং জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করে। জ্ঞানভিত্তিক জাতি গড়তে নিয়মিত পাঠ্যাভ্যাসের বিকল্প নেই।’
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক ইনামুল হক, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।
সিএ/এএ


