অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম—পদত্যাগ করেছেন। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে।
সূত্রে জানা গেছে, তাদের পদত্যাগকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ সম্মেলন আহ্বান করেছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় এ বিষয়ে ব্রিফিং অনুষ্ঠিত হবে।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে তিনজন উপদেষ্টা পরিষদে স্থান পান। তাদের মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পান, আসিফ মাহমুদ দায়িত্ব পান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। পরে পুনর্বণ্টনে তার সঙ্গে শ্রম মন্ত্রণালয়ও যোগ হয়।
অন্যদিকে মাহফুজ আলম প্রথমে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন। পরবর্তীতে দায়িত্ব পুনর্বণ্টনের পর তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান, আর আসিফ পান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব।
এদিকে নাহিদ ইসলাম আগেই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল এনসিপির দায়িত্ব নেন। এরপর থেকেই আসিফ ও মাহফুজ শিগগিরই পদত্যাগ করতে পারেন—এমন আলোচনা চলছিল। তফসিল ঘোষণার সম্ভাবনা ঘনিয়ে আসায় সেই জল্পনা আরও জোরদার হয়।
আজ বিকেলের জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ ঘোষণা দেন যে তিনি নির্বাচন করবেন। তবে কোন দল বা কোন আসন থেকে নির্বাচন করবেন—তা স্পষ্ট করেননি। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে।
সিএ/এএ


