আইপিএল ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টকে ঘিরে সাম্প্রতিক নানা সিদ্ধান্ত ও বিতর্কের প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ। তার মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে ক্রীড়া অঙ্গনে।
সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং অতীতের একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রীড়ার সিদ্ধান্তগুলো প্রায়ই রাজনৈতিক প্রভাব ও নীতিগত অবস্থানের সঙ্গে জড়িয়ে যায়।
এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সামাজিক মাধ্যমে দেওয়া বক্তব্যে নোমান মোহাম্মদ বলেন, “আমি বুঝলাম না ইরানীদের কি তাহলে কোনো দেশপ্রেম নেই। আধিপত্যবাদের বিপক্ষে তাদের লড়াই কি থেমে গেল? সেটা যদি না হবে তাহলে যে দেশের বিপক্ষে তারা যুদ্ধ করছে, সেই যুক্তরাষ্ট্রের মাটিতে গিয়ে ইরান বিশ্বকাপ ফুটবল ম্যাচ খেলার সিদ্ধান্তটা কিভাবে নেয়?”
তিনি আরও মন্তব্য করেন, কিছু ব্যক্তির অনুপস্থিতিকে কেন্দ্র করে দেশপ্রেম ও ক্রীড়া সিদ্ধান্তকে বিচার করা হচ্ছে, যা তার মতে সঠিক নয়। একই সঙ্গে তিনি দাবি করেন, ক্রীড়াঙ্গনের সিদ্ধান্তগুলো অনেক সময় অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণেও প্রভাবিত হয়।
বাংলাদেশের বিশ্বকাপে অংশ না নেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলাদেশ যে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি সেটা শুধু রাজনৈতিক ফায়দার জন্য। এই আসিফ নজরুল-আমিনুল ইসলাম বুলবুল গংরা আমাদের বিশ্বকাপকে, আমাদের ক্রিকেটকে জিম্মি করে আমাদের একটা বিশ্বকাপ খেলতে দেয়নি।”
নোমানের এসব মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যেখানে অনেকেই বিষয়টিকে ক্রীড়া ও রাজনীতির জটিল সম্পর্কের অংশ হিসেবে দেখছেন।
সিএ/এমই


