আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৩ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, আসন্ন নির্বাচনে জনগণ প্রমাণ করবে যে বাংলাদেশ প্রকৃত অর্থেই একটি অসাম্প্রদায়িক দেশ। তিনি দাবি করেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে, কিন্তু সেটি ব্যাহত করার নানা অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।
পিআর পদ্ধতির প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, হঠাৎ করে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতির দাবি তুলে আন্দোলনের বিষয়টি জটিল করা হচ্ছে। যারা দ্রুত নির্বাচন চান, তাদের কাছে এটি পরিষ্কার নয়। তাই এই ইস্যুটি আগামী সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত, যাতে সেখানে পরবর্তী নির্বাচনের কাঠামো ও পদ্ধতি নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া যায়।
তিনি আরও বলেন, বিএনপি সংসদীয় পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দিয়েছে, যা দেশের জন্য নতুন অভিজ্ঞতা হতে পারে। তবে নিম্নকক্ষের প্রস্তাবটি অবাস্তব বলে মন্তব্য করেন তিনি।
সিএ/এমআর


