জিবুতির প্রধানমন্ত্রী আবদুল কাদের কামিল মোহাম্মদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জিবুতিতে বাংলাদেশের সফল ক্ষুদ্রঋণ মডেল বাস্তবায়নের সম্ভাবনা, আঞ্চলিক ভূরাজনীতি এবং রোহিঙ্গা সংকটসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে জিবুতির প্রধানমন্ত্রী ড. ইউনূসের প্রশংসা করে বলেন, “আপনি জিবুতিতেও সুপরিচিত একটি নাম।” তিনি ড. ইউনূসকে পূর্ব আফ্রিকার দেশটিতে সফরের জন্য আমন্ত্রণ জানিয়ে বলেন, “আমাদের দেশে ক্ষুদ্রঋণ কার্যক্রমে আপনার অভিজ্ঞতা ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।”
প্রধান উপদেষ্টা ড. ইউনূস জিবুতির আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের ক্ষুদ্রঋণ কর্মসূচি ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে কার্যকর হয়েছে। জিবুতিতেও এই মডেল প্রয়োগের মাধ্যমে স্থানীয় অর্থনীতি ও নারীর ক্ষমতায়ন উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাবে। তিনি প্রস্তাব দেন, জিবুতির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে ক্ষুদ্রঋণ কার্যক্রম, প্রশিক্ষণ এবং উদ্যোক্তা উন্নয়নের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে।
ড. ইউনূস আরও বলেন, বাংলাদেশের ক্ষুদ্রঋণ সংস্থাগুলো সারা বছরব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে, যা বিদেশি কর্মকর্তাদের জন্য উন্মুক্ত। এই প্রশিক্ষণের মাধ্যমে জিবুতির কর্মকর্তারা ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনা ও উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর দক্ষতা অর্জন করতে পারবেন।
বৈঠকে ড. ইউনূস দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের দিকেও গুরুত্ব দেন। তিনি উল্লেখ করেন, জিবুতি বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য এবং আইসিটি সেবা প্রতিযোগিতামূলক মূল্যে আমদানি করতে পারে। একই সঙ্গে আফ্রিকার প্রবেশদ্বার হিসেবে জিবুতির কৌশলগত অবস্থান বাংলাদেশি পণ্যের জন্য নতুন বাজার তৈরি করতে পারে।
বৈঠকে উপস্থিত জিবুতির ক্ষুদ্রঋণ মন্ত্রী ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণের বিভিন্ন দিক নিয়ে ড. ইউনূসের কাছ থেকে পরামর্শ চান। তিনি বলেন, জিবুতির দারিদ্র্য বিমোচন ও নারী উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশের অভিজ্ঞতা অনুসরণ করতে তারা আগ্রহী।
বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য বিষয়ক উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
সিএ/এমআর


